ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রামগামী ইউএস–বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উড্ডয়নের প্রস্তুতিকালে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় যাত্রীদের জরুরি ভিত্তিতে বিমান থেকে নামিয়ে আনা হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক ঘণ্টা পর অন্য একটি ফ্লাইটে তাদের চট্টগ্রামে পাঠানো হয়।
বিমানবন্দর ও এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ফ্লাইটটির ছেড়ে যাওয়ার কথা ছিল। উড্ডয়নের জন্য রানওয়ের দিকে যাওয়ার সময় হঠাৎ বিমানের একটি ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। ককপিটের মনিটরিং সিস্টেমে অগ্নি–সতর্ক সংকেত (ফায়ার ওয়ার্নিং) প্রদর্শিত হলে পাইলট তাৎক্ষণিকভাবে বিমানটি থামিয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি অবহিত করেন।
ইউএস–বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ককপিটে অগ্নি–সতর্ক সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে পাইলট নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। যাত্রীদের নিরাপত্তাই ছিল সর্বোচ্চ অগ্রাধিকার।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ত্রুটির বিষয়টি জানাজানি হওয়ার পর বিমানের ভেতরে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই সময় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী নিজেদের লাগেজ নিয়ে দ্রুত বিমান থেকে নামার চেষ্টা করলে হুড়োহুড়ি তীব্র আকার ধারণ করে। জরুরি পরিস্থিতি বিবেচনায় বিমানটির ইমার্জেন্সি দরজা খুলে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। ফ্লাইটটিতে মোট ৭০ জন যাত্রী ছিলেন। এক ঘণ্টা পর অন্য একটি ফ্লাইটে তাদের চট্টগ্রামে পাঠানো হয়।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, ঘটনার পরপরই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।











