শঙ্খ নদীর মোহনায় জাহাজে চুরির চেষ্টা, ৩ বোটসহ ১৭ জেলে আটক

কক্সবাজার প্রতিনিধি  | মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৩৯ পূর্বাহ্ণ

শঙ্খ নদীর মোহনায় জাহাজে উঠে চুরির চেষ্টাকালে ১৭ জন মাঝিকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় জব্দ করা হয়েছে তিনটি ইঞ্জিনচালিত কাঠের বোট (সাম্পান)।

গতকাল সোমবার দিবাগত রাত ১টা ২৫ মিনিটে কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন বিসিজিএস কুতুবদিয়ার সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, কুতুবদিয়া সমুদ্র এলাকা থেকে ‘পুশার টাগ মার্ক’ নামের একটি জাহাজকে নিরাপত্তা দিয়ে চার্লি অ্যাঙ্করেজে নিয়ে যাচ্ছিল বিসিজিএস কুতুবদিয়া। পথে শঙ্খ নদীর মোহনায় পৌঁছালে ৫ থেকে ৬টি ছোট বোট জাহাজটির চলাচলে বাধা সৃষ্টি করে এবং জাহাজে উঠে চুরির চেষ্টা চালায়।

এ সময় জাহাজটির পেছনে কোস্ট গার্ডের জাহাজ অবস্থান করায় সদস্যদের উপস্থিতি টের পেয়ে বোটগুলো পালানোর চেষ্টা করে। পরে বিসিজিএস কুতুবদিয়ার বোর্ডিং টিম ধাওয়া করে তিনটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ১৭ জন জেলেকে আটক করে। আটক ব্যক্তিরা ও জব্দ বোটগুলো বর্তমানে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এদিকে, কোস্ট গার্ডের নিরাপত্তায় পুশার টাগ ‘মার্ক’ জাহাজটি নিরাপদে চার্লি অ্যাঙ্করেজে পৌঁছেছে। বর্তমানে জাহাজটি সেখানে নোঙর করে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচোর সন্দেহে বেঁধে রাখা বাবাকে চা-রুটি খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল প্রশাসন
পরবর্তী নিবন্ধডিভাইডার পেরিয়ে গাছে কারের ধাক্কা