লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের ডেপুটি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া জান্নাত বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের আরবশাহ ঘোনার মাওলানা আরিফুর রহমান মেয়ে ও চট্টগ্রাম মহিলা কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী। তবে তারা স্বপরিবারে চকরিয়ার মালুমঘাট এলাকায় বসবাস করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখি গ্রীণ লাইন পরিবহণের যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখি যাত্রীবাহী পূরবী পরিবহণে বাসের সংঘর্ষ হয়। এতে পূরবী বাসের থাকা কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সে কলেজে যাবার জন্য চকরিয়া থেকে চট্টগ্রাম নগরীতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর না বলে জানা গেছে।
লোহাগাড়া ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইমুন সিরাজ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত এক তরুণীকে ট্রমা সেন্টারে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।









