লিভার ক্যান্সারের ঝুঁকি ও চিকিৎসার ওপর গুরুত্বারোপ

লিভার কেয়ার সোসাইটির আলোচনা সভা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২৬ at ৫:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) সম্মেলন কক্ষে অক্টোবর লিভার ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে সচেতনতামূলক সভা ও রোগী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে লিভার কেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দীন, চমেক হাসপাতালের হেপাটোলজি বিভাগের প্রধান এবং লিভার কেয়ার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চমেক হাসপাতালে রেডিওথেরাপি ও ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও লিভার কেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ডা. তারেক শামস।

লিভার ক্যান্সার ও লিভারের অন্যান্য রোগী ও তাদের কেয়ার গিভারদের অংশগ্রহণে আয়োজিত এই সমাবেশে মূল বক্তা অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদ বলেন, লিভার ক্যান্সারের ঝুঁকি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং চিকিৎসার গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষ ও রোগীদের সচেতন করা এ আয়োজনের মূল লক্ষ্য। দীর্ঘমেয়াদী হেপাটাইটিস বি ও সি সংক্রমণ এবং ফ্যাটি লিভারজনিত লিভার সিরোসিস লিভার ক্যান্সারের গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ। হেপাটাইটিস বি ও সি প্রতিরোধে সচেতন হওয়া, হেপাটাইটিস বি টিকা গ্রহণ, প্রয়োজন অনুযায়ী পরীক্ষা এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ গ্রহণের মাধ্যমে লিভার ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখা সম্ভব। সভায় আরও জানানো হয় যে বাংলাদেশে ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লিভার ট্রান্সপ্লান্ট কার্যক্রম শুরু হয় এবং তা সফলতার সাথে চলমান আছে। লিভার কেয়ার সোসাইটি ২০২১ সাল থেকে লিভার রোগবিষয়ক সচেতনতা, হেপাটাইটিস স্ক্রিনিং এবং অসচ্ছল লিভার রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটি লিভার ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সময়মতো চিকিৎসাসেবা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছে।

পূর্ববর্তী নিবন্ধবিশেষ প্রকল্পের মাধ্যমে চণ্ডীতীর্থ মেধস আশ্রমের উন্নয়নের দাবি
পরবর্তী নিবন্ধ‘ইসলাম মানে শান্তি ও সমপ্রীতির এক অনন্য নজির’