র‌্যাংকিংয়ে নিগার-সোবহানা মারুফার উন্নতি

| বুধবার , ২৯ এপ্রিল, ২০২৬ at ৮:২৩ পূর্বাহ্ণ

নারীদের ওয়ানডে র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা, সোবহানা মোস্তারি ও রিতু মনির। এছাড়া বোলারদের তালিকায় উন্নতি হয়েছে পেসার মারুফা আক্তার ও স্পিনার সুলতানা খাতুনের। নারীদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ গতকাল ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত বুধবার রাজশাহীতে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫৮ রানের ইনিংস খেলেন নিগার। তৃতীয় ও শেষ ম্যাচে ৪০ রান করেন তিনি। এই দুই ইনিংসের ব্যাট হাতে পারফরমেন্সের সুবাদে তিন ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠেছেন নিগার। শ্রীলংকার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে হাফসেঞ্চুরির দেখা পান সোবহানা। ৭৪ রানের ইনিংস খেলেন তিনি। এতে র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ৪৫তম স্থানে উঠেছেন সোবহানা। সিরিজের শেষ দুই ম্যাচে যথাক্রমে১৭ ও ২০ রান করে র‌্যাংকিংয়ে আট ধাপ এগিয়ে ৮৩তম স্থানে উঠেছেন রিতু। পাঁচ ধাপ অবনতিতে ২৭ নম্বরে নেমে গেছেন শারমিন আক্তার। দ্বিতীয় ম্যাচে খালি হাতে ফিরলেও পরেরটিতে ২৫ রান করেন তিনি। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবার ওপরে আছেন শারমিন। শ্রীলংকার বিপক্ষে সিরিজের ওয়ানডেতে ২১ রান খরচ করে ৪ উইকেট নেন নাহিদা আক্তার। দুই ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠেছেন এই বাঁহাতি স্পিনার। বাংলাদেশের বোলারদের মধ্যে র‌্যাংকিংয়ে সবার উপরে আছেন নাহিদা। তৃতীয় ওয়ানডেতে ৪৯ রানে ২ উইকেট নিয়ে ছয় ধাপ এগিয়েছেন মারুফা। ৩৭তম স্থানে আছেন তিনি। সিরিজের শেষ দুই ওয়ানডেতে মাত্র ১ উইকেট নিয়েও ১৬ ধাপ উন্নতি হয়েছে স্পিনার সুলতানার। ৪৪তম স্থানে আছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্বের উদ্বোধন
পরবর্তী নিবন্ধরিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ