বাংলাদেশের হকিকন্যা রিয়া–অর্পিতারা রূপকথার গল্প লেখেই চলেছেন। প্রথমবারের মতো এশিয়ান গেমসের হকির বাছাই খেলতে গিয়ে একের পর এক ইতিহাস গড়ছেন তারা। দুর্দান্ত পথচলায় এবার আইরিন রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমসের মেয়েদের হকি ইভেন্টের বাছাইয়ের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তায় মঙ্গলবার প্রথম সেমি–ফাইনালে সিঙ্গাপুরকে ৩–১ গোলে হারায় বাংলাদেশ। চারবার এশিয়ান গেমসে খেলা সিঙ্গাপুরকে চতুর্থ ও শেষ কোয়ার্টারে চেপে ধরে দুই গোল তুলে নিয়ে জিতে যায় দল। সিঙ্গাপুরের বিপক্ষে আশা জাগানিয়া শুরু পায় বাংলাদেশ। অষ্টম মিনিটে রিয়ার হিটে এগিয়ে যায় দল। তবে প্রথম কোয়ার্টারেই এই স্বস্তি উবে যায়। দ্বাদশ মিনিটে চিয়া চেরিল পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান ২০২২ এশিয়ান গেমসে সপ্তম হওয়া সিঙ্গাপুরকে। দ্বিতীয় কোয়ার্টারে কেউ পায়নি গোল। তৃতীয় কোয়ার্টারের শুরুতে সার্কেলের ভেতর থেকে ফরিদা রাত্রির হিট দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়। চতুর্থ ও শেষ কোয়ার্টারে গোলের জন্য দুই পক্ষই মরিয়া হয়ে ওঠে। নির্ধারিত সময়ে চার মিনিট বাকি থাকতে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। এক ছুটে সার্কেলের ভেতরে ঢুকে জোরাল হিটে লক্ষ্যভেদ করেন রিয়া। সিঙ্গাপুর ডিভিও রেফারেল নিলেও টিকে যায় গোল। ৫৮তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন রিয়া। সতীর্থের ক্রসে গোলমুখ থেকে নিখুঁত ফ্লিকে জাল খুঁজে নেন তিনি। বাকিটা সময় সিঙ্গাপুর পারেনি ঘুরে দাঁড়াতে। শেষের বাঁশি বাজতেই ফাইনালে ওঠার বাঁধনহারা উচ্ছ্বাসে মেতে ওঠে মেয়েরা। হ্যাটট্রিক উপহার দেওয়া আইরিন রিয়া পেয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার।













