র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২ সেপ্টেম্বর, ২০২৬ at ১২:২২ অপরাহ্ণ

নারী আইসিসি টিটোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ পেসার মারুফা আক্তার ও ব্যাটার সোবহানা মোস্তারির। অবনতি হয়েছে ব্যাটার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ও বোলার নাহিদা আক্তারের। গত সোমবার দুবাইয়ে টিটোয়েন্টি এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ নারী দল। ম্যাচে বল হাতে ৩ ওভারে ৬ রানে ২ উইকেট নেন মারুফা। এতে র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ৫৪২ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ে ৩৭তম স্থানে আছেন এই ডান হাতি পেসার। বাংলাদেশ বোলারদের মধ্যে অবনতি হয়েছে দুই স্পিনার রাবেয়া খান ও নাহিদা আক্তারের। রাবেয়া তিন ধাপ পিছিয়ে ২০তম স্থানে এবং দুই ধাপ পিছিয়ে ২৮তম স্থানে আছেন নাহিদা। রাবেয়া ইন্দোনেশিয়ার বিপক্ষে উইকেট না পেলেও ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন নাহিদা। ব্যাটার তালিকায় অবনতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক জ্যোতির। ইন্দোনেশিয়ার বিপক্ষে মাত্র ১০ রানে আউট হন তিনি। দুই ধাপ পিছিয়ে ৬০৯ রেটিং নিয়ে ২২তম স্থানে আছে জ্যোতি। এক ধাপ উন্নতি হয়েছে সোবহানার। ৫শ রেটিং নিয়ে ৩৯তম স্থানে উঠেছেন তিনি। ইন্দোনেশিয়ার বিপক্ষে দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন সোবহানা। ইন্দোনেশিয়ার বিপক্ষে ১৮ বলে ৩১ রানের অনবদ্য ইনিংস খেলে বাংলাদেশকে ১২৯ রানের পুঁজি এনে দিয়েছিলেন স্বর্ণা আক্তার। এক ধাপ এগিয়ে ৪৪২ রেটিং নিয়ে ৫৫তম স্থানে আছেন তিনি। ব্যাটিং তালিকায় অস্ট্রেলিয়ার বেথ মুনি, বোলিং তালিকায় ভারতের শ্রী চারানি এবং অলরাউন্ডারদের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের হিলি ম্যাথুজ শীর্ষে আছেন।

পূর্ববর্তী নিবন্ধএশিয়ান গেমসে বাংলাদেশের কোচ সালাউদ্দিন, সহকারী তালহা
পরবর্তী নিবন্ধরেলওয়ে হাসপাতাল, হোসেন আহম্মদ,মাইজপাড়া মাহমুদুন্নবী ও দক্ষিণ পতেঙ্গার জয়লাভ