বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর আয়োজিত শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে গতকাল মঙ্গলবার আরো ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। এসব খেলায় জয় পেয়েছে রেলওয়ে হাসপাতাল কলোনী উচ্চ বিদ্যালয়, হোসেন আহম্মদ চৌধুরী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, মাইজপাড়া মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয় ও দক্ষিণ পতেঙ্গা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে রেলওয়ে হাসপাতাল কলোনী উচ্চ বিদ্যালয় ২–১ গোলে আলকরণ নুর আহম্মেদ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের ফরহাদ শিকদার সোহাগ ও সাজ্জাদ হোসেন ও বিজিত দলের মো. শাহরিয়ার রহমান ১টি করে গোল করেন। খেলার ম্যান অব দ্যা ম্যাচ রেলওয়ে হাসপাতাল স্কুলের জয়ী দলের ফরহাদ শিকদার সোহাগের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রিয় সদস্য ও সাবেক গোলরক্ষক আবুল হাসনাত আজাদ। সকালে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় হোসেন আহমদ চৌধুরী সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ ২–০ গোলে চর চাক্তাই সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সোহরাওয়ার্দী শুভ একাই ২টি গোল করেন। ম্যান অব দ্যা ম্যাচ হোসেন আহম্মদ স্কুলের সোহরাওয়ার্দী শুভ’র হাতে পুরস্কার তুলে দেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রিয় সদস্য ও সাবেক খেলোয়াড় জমির আহাম্মদ। দুপুরে অনুষ্ঠিত দিনের তৃতীয় খেলায় মাইজপাড়া মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয় ৩–২ গোলে পাথরঘাটা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে মো. আরিফ, মো. সাকিব ও মো. ইয়াসিন ১টি করে গোল করেন। বিজিত দলের পক্ষে নিলয় দাশ ২টি গোল করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ মাইজপাড়া স্কুলের মো. সাকিবের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক রুবেল খান। দিনের চতুর্থ ও শেষ ম্যাচে দক্ষিণ পতেঙ্গা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ৩–০ গোলে হাজী আবদুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের মো. ইফতেখার ২টি ও মো. শাহেদ ১টি গোল করেন। খেলার ম্যান অব দ্যা ম্যাচ দক্ষিণ পতেঙ্গা স্কুলের মো. ইফতেখারের হাতে পুরস্কার তুলে দেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক জাকির হোসেন লুলু।












