ইতালির রোমের কনসার্টকে ঘিরে বেশ কয়েকটি অভিযোগের মধ্যে হোটেল কক্ষ নোংরার বিষয় নিয়ে কথা বলেছেন ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। তিনি বলেন, তথ্য প্রমাণ ছাড়া কোনো অভিযোগের ভিত্তি নেই। ভেনিসে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের অবস্থান পরিষ্কার করেন ব্যান্ড সংগীতের ‘নগরবাউল’ খ্যাত গায়ক জেমস। তবে আয়োজকের তোলা অভিযোগের মধ্যে চুক্তি ভঙ্গ, টিকেট বিক্রির অর্থ নিয়ে নেওয়ার বিষয়ে জেমস কোনো কথা বলেননি। ওই সংবাদ সম্মেলনে থাকা জেমসের মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন কনসার্টের পারিশ্রমিক পরিশোধ নিয়ে আয়োজকের বিরুদ্ধে নতুন করে অভিযোগ তুলেছেন রবিন। তার দাবি, চুক্তি অনুযায়ী ৩০ হাজার ইউরো পারিশ্রমিক পরিশোধের পরই জেমসের মঞ্চে ওঠার কথা ছিল। কিন্তু শো শুরুর আগে আয়োজকরা সম্পূর্ণ অর্থ পরিশোধ করেননি।
বিগ ডিল নয় : সেখানে হোটেল কাণ্ড নিয়ে করা প্রশ্নে জেমস বলেন, “আমাদের সঙ্গে অতিথিশিল্পী হিসেবে একজন ইয়াং মিউজিশিয়ান গিটার ও কীবোর্ড বাজাতে আমেরিকা থেকে এসেছে। হোটেলগুলোর নিয়মই থাকে তাদের একটা নির্দিষ্ট সার্ভিস দেওয়ার। আর ও বয়সে তরুণ, হয়ত রুম পুরোপুরি গুছিয়ে বা ক্লিন করে রাখেনি। বিষয়টি ‘বিগ ডিল নয়’ বলে মন্তব্য করেছেন জেমস। তার কথায়, হোটেলে প্রায়ই এমন ঘটে। তিনি বলেন, যেমন কেউ যদি প্রতিদিন রুম পরিষ্কার করতে না চায় কিংবা নোংরা হয়, ক্লিনিংয়ের তো একটা স্বাভাবিক প্রক্রিয়া থাকেই। আর ইয়াং ছেলেমানুষ, অনেক মিউজিশিয়ানই তো রুম এলোমেলো রাখে, এটা এত বড় বিষয় করার কিছু নেই। হোটেল কর্তৃপক্ষের জরিমানা কথা তুলে ধরে তিনি আরও বলেন, “যদি ওরা ২০০ ইউরোর মত ফাইন (জরিমানা) করেও থাকে, তবে সেটাও নতুন কিছু না। অনেকেই রুমে সিগারেট খেলে বা নিয়ম ভাঙলে ১০০, ২০০ বা ৫০০ ডলার ফাইন দিয়ে চলে যায়। একেক দেশের নিয়ম একেক রকম। এ নিয়ে যেভাবে কথা হচ্ছে, সত্যি বলতে এটা তেমন কোনো বড় ঘটনা বা ইস্যু হওয়ার মত বিষয়ই না।












