নগরীর পলোগ্রাউন্ড মাঠ সংলগ্ন রেলওয়ে পাবলিক হাই স্কুলে চুরির অভিযোগে মো. জয়নাল (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে জিগার দাস (১৯) এবং মো. জাফর আহমেদ (৪৮) নামে এই দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গত রবিবার সকালে ঘটনাস্থল থেকে স্কুলের প্রহরী সমীর দাশ (৪৭) ও আব্দুস সামাদ আজাদকে (২৯) আটক করা হয়। পরে নিহতের পরিবারের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। একইদিন দিবাগত রাতে অভিযান চালিয়ে জিগার দাস এবং মো. জাফর আহমেদকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালী থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর এ তথ্য জানান।
এর আগে, রবিবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১০টার মধ্যে স্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল নগরের ধনিয়ালাপাড়ার ছোট মসজিদ বাই লেন এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, তিনি একটি গাড়ির পেইন্টিংয়ের দোকানে কাজ করতেন।
উল্লেখ্য, গত রবিবার সকালে রেলওয়ে পাবলিক স্কুলের প্রধান শিক্ষকের কক্ষের পেছনের জানালার গ্লাস খুলে গ্রিলের ফাঁক দিয়ে কম্পিউটার চুরির চেষ্টা করছিলেন বলে অভিযোগ করেন স্কুলের প্রহরী সমীর দাশ। এ সময় জয়নালকে হাতেনাতে ধরে ফেলা হয়। পরে তাকে মারধর করা হয়। একপর্যায়ে স্কুলের মূল ফটকের সামনে ফেলে রাখা হলে সেখানেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা ছেনোয়ারা বেগম বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখ করে আরও ২–৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিরা হলেন সমীর দাশ (৪৭), আব্দুস সামাদ আজাদ (২৯), জিগার দাস (১৯) এবং মো. জাফর আহমেদ (৪৮)।
ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, মামলা হওয়ার পর এজাহারভুক্ত চার আসামিকেই গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।












