আ. লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ, এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) এসপি জাহাঙ্গীর আলম। এর আগে তার ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোন জব্দ করার পাশাপাশি তাকেও নজরদারিতে রাখা হয়েছিল।

গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে মামলা করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী। পরে রাতেই স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলা হওয়ার পর অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গতকাল রাতেই গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার প্রাথমিক কিছু তথ্য-প্রমাণ পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আব্দুল কুদ্দুস চৌধুরী। সেদিনই তার ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন দুটি জব্দ করা হয়। পরে ফরেনসিক পরীক্ষার জন্য সেগুলো ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

এদিকে, এ ঘটনায় বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।

চট্টগ্রাম রেঞ্জ অফিসের সূত্রের বরাতে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ ওঠার পর জাহাঙ্গীর আলমকে তলব করা হয়েছিল।

মামলার এজাহারের বরাত দিয়ে সিএমপির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, জাহাঙ্গীর আলমের মুঠোফোন থেকে পাঠানো একটি বার্তায় আগামী ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো মাঠে নামবে বলে উল্লেখ করা হয়। একই বার্তায় ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া এবং বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হওয়ার কথাও লেখা ছিল। বার্তায় বাংলাদেশকে উদ্ধারের কথাও বলা হয়।

তবে বার্তাটি কাকে পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। মামলার তদন্তের দায়িত্ব পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিটকে দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধফ্যামিলি কার্ড দরিদ্রদের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন
পরবর্তী নিবন্ধপ্রীতি ম্যাচে ব্রাজিল, আর্জেন্টিনার হার