রামুতে খাটের নিচে আগ্নেয়াস্ত্র, যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ১৮ মে, ২০২৬ at ১০:১৬ পূর্বাহ্ণ

রামু উপজেলার ঈদগড়ে খাটের নিচ থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলির খোসাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় এলজি ও দুটি ব্যবহৃত গুলির খোসা। গতকাল রোববার ভোরে রামু থানা পুলিশ এ অভিযান চালায়। আটক মো. তারেক (২৫) ঈদগড় ইউনিয়নের করলিয়ামুড়া এলাকার বাসিন্দা। তিনি নুরুল ইসলাম ও মছুদা বেগমের ছেলে। রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈদগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কোদালিয়াকাটা এলাকায় মো. হাসান প্রকাশ বাটু মিয়ার বসতঘরে তল্লাশি চালানো হয়। পরে সেখান থেকে মো. তারেককে আটক করা হয়। তার দেখানো মতে শয়নকক্ষের খাটের নিচে লুকিয়ে রাখা একটি দেশীয় তৈরি এলজি এবং দুটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রটি দীর্ঘদিন ধরে গোপনে সংরক্ষণ করা হয়েছিল।

তিনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেয়া হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে অন্য কোনো অপরাধচক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানের বাঘমারা বাজারে ভয়াবহ আগুন
পরবর্তী নিবন্ধআমদানিকৃত ক্রোকারিজ পণ্য আত্মসাৎ, গ্রেপ্তার ২