চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা আয়োজিত এবং দ্য ডেইলি পিপলস ভিউ’র পৃষ্ঠপোষকতায় রাফি স্মৃতি মহানগর অনূর্ধ্ব–১৮ জুনিয়র টি – টুয়েন্টি ক্রিকেটের ফাইনাল আজ। দুপুর ১২ টায় দামপাড়া পুলিশ লাইন মাঠে এ ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাদশা মিয়া স্মৃতি সংসদ ও শতাব্দী ক্রিকেট একাডেমি মুখোমুখি হবে। এর আগে ২টি সেমিফাইনালে বাদশা মিয়া স্মৃতি সংসদ ২০ রানে ব্রাদার্স ক্রিকেট একাডেমিকে এবং শতাব্দী ক্রিকেট একাডেমি ৬ উইকেটে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমিকে হারিয়েছিল। খেলা শেষে বিকেল ৩টায় প্রধান অতিথি চট্টগ্রামের পুলিশ কমিশনার ও মহানগর ক্রীড়া সংস্থার সভাপতি হাসান মো.শওকত আলী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দ্য ডেইলি পিপলস ভিউ’র সম্পাদক ও প্রকাশক ওসমান গনি মনসুর।
এক যুক্ত বিবৃতিতে চট্টগ্রামের উপ–পুলিশ কমিশনার (সদর) ও সংস্থার ক্রিকেট কমিটির চেয়ারম্যান ফেরদৌস আলী চৌধুরী এবং সংস্থার যুগ্ম সম্পাদক ও ক্রিকেট কমিটির সম্পাদক ফরিদ আহাম্মদ আজকের ফাইনালের সফল সমাপ্তিতে অংশগ্রহণকারী দু–দল’সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।












