রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ কাল শুরু

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৭ অক্টোবর, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা আয়োজিত রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব–১৮) ক্রিকেট লিগ আগামীকাল ৮ অক্টোবর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। লিগ শুরু উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে মহানগর ক্রীড়া সংস্থা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক ওয়ালিউল আবেদিন সাকিল। তিনি জানান মোট ২৪টি দলের অংশগ্রহণে এবারের লিগ শুরু হচ্ছে। অংশগ্রহনকারী দলগুলোকে লটারীর মাধ্যমে ৮ গ্রুপে বিভক্ত করা হয়। গ্রুপ লিগের খেলা শেষে ৮ গ্রুপ চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনাল খেলায় অংশ নেবে। পরবর্তীতে নক আউট পদ্ধতিতে সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। কাল বৃহস্পতিবার সকাল ৯.৩০ টায় দামপাড়াস্থ পুলিশ লাইন মাঠে লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও মহানগর ক্রীড়া সংস্থার সভাপতি হাসান মোহাম্মদ শওকত আলী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন স্পন্সর ও দি ডেইলি পিপলস ভিউ সম্পাদক ও প্রকাশক ওসমান গণি মনসুর। লিগের খেলাসমূহ দামপাড়া পুলিশ লাইন ও সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হবে। এবারের লিগের মোট বাজেট প্রণয়ন করা হয়েছে ৩,২৫,০০০ টাকা। লিগ চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফিসহ যথাক্রমে ১৫,০০০ ও ১০,০০০ টাকা প্রাইজমানি দেওয়া হবে। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন লিগের স্পন্সর ও দি ডেইলি পিপলস ভিউ সম্পাদক ও প্রকাশক ওসমান গণি মনসুর, মহানগর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী ও ক্রিকেট কমিটির সম্পাদক ফরিদ আহাম্মদ। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংস্থার সহ–সভাপতি ইবাদুল হক লুলু, অতিরিক্ত সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান, কোষাধ্যক্ষ নওশাদ আলম চৌধুরী, নির্বাহী সদস্য সেকান্দর কবির, রুশো মাহমুদ, আলী তারেক পারভেজ, আবুল গফুর পন্টি, মাহাবুবুল আলম মুকুল, মোহাম্মদ মারুফ, কাবাডি কমিটি সম্পাদক হারুনুর রশীদ, ক্রিকেট কমিটির সদস্য আইনুল কবির জিতু, কাজল দেবনাথ প্রমুখ। কাল সকাল ৯.৩০ টায় দামপাড়া পুলিশ লাইন মাঠে উদ্বোধনী দিনের খেলায় অংশ নেবে বাদশা মিয়া স্মৃতি সংসদ এবং এস এস ক্রিকেট একাডেমি।

পূর্ববর্তী নিবন্ধ‘শান্তিতে বিদায় নিচ্ছি, আমাকে এত ভালোবাসার জন্য ধন্যবাদ’
পরবর্তী নিবন্ধসুস্থ প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই