রাঙ্গুনিয়া উপজেলায় রাজখালী খালে সাইকেলসহ পড়ে মো. মিনহাজ (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের খতিব নগর এলাকায় এ ঘটনা ঘটে। মিনহাজ ওই এলাকার মো. ইব্রাহিমের ছেলে। সে স্থানীয় ইসলামপুর তৈয়্যবিয়া তাহেরিয়া ছত্তারিয়া সুন্নিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থতার কারণে তিন দিন আগে মিনহাজকে বাড়িতে নিয়ে গিয়েছিলেন তার মা। শনিবার সকালে তাকে পুনরায় মাদ্রাসায় ফিরিয়ে নেওয়ার কথা ছিল। সকালে বন্ধুদের সঙ্গে সাইকেল নিয়ে বের হয় সে। একপর্যায়ে নিজের সাইকেল বাড়িতে রেখে বন্ধুর সাইকেলে চড়ে ঘুরতে বের হয় মিনহাজ।
রাজখালী খালের পাড় দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত সাইকেলসহ খালে পড়ে যায় সে। পেছনে থাকা এক বন্ধু বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আলম গভীর শোক প্রকাশ করে বলেন, মিনহাজ অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। অল্প সময়ের মধ্যেই সে পবিত্র কোরআনের চার পারা হিফজ সম্পন্ন করেছিল। তার এমন আকস্মিক প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।












