সামপ্রতিক বন্যায় রাঙ্গুনিয়ায় পাহাড়ধস ও পানিতে ডুবে নিহত তিন পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত ১৩ জুলাই রাঙ্গুনিয়ার নূর জাহান কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহাজাহান। রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা হাসান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন–চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, সাংগঠনিক সেক্রেটারি আনোয়ার ছিদ্দিক চৌধুরীর, চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহাজাহান বলেন, সামপ্রতিক সময়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সংঘটিত বন্যায় অসংখ্য মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের সমস্যা সমাধান শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়, এ ক্ষেত্রে মূল দায়িত্ব রাষ্ট্র ও সরকারের। পরে পাহাড়ধস ও পানিতে ডুবে নিহত তিন পরিবারের সদস্যদের হাতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে মুহাম্মদ বদিউল আলম, মুহাম্মদ সোলাইমান রিনু আক্তারের পরিবারের সদস্যদের মাঝে ৫০ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।












