বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবরদান সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাঙ্গুনিয়ায় পুলিশ প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সাথে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হাসানের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন রাঙ্গুনিয়া উপজেলা প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবরদান উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শান্তিময় পরিবেশে উৎসব উদযাপনে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। ইউএনও মো. নাজমুল হাসান বৌদ্ধ সমপ্রদায়ের নেতৃবৃন্দকে উষ্ণ অভিনন্দন জানান এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
এদিকে শনিবার রাতে রাঙ্গুনিয়া মডেল থানা ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় পৃথকভাবে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ এবং রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন নিজ নিজ থানা কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন।
সভায় ধর্মীয় অনুষ্ঠানসমূহ সুষ্ঠুভাবে সম্পন্ন করা, নিরাপত্তা জোরদার করা, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় দুই থানার ওসিরা নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদযাপনে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করা হবে।
এদিকে, পৃথক এসব কর্মসূচিতে রাঙ্গুনিয়া উপজেলা প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবরদান উদযাপন পরিষদের উপদেষ্টামণ্ডলীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ড. প্রিয়ানন্দ মহাস্থবির, সত্যানন্দ মহাস্থবির, শীলবংশ মহাস্থবির, নন্দশ্রী স্থবির, রূপানন্দ স্থবির ও করুণাজ্যোতি স্থবির। এছাড়াও উদযাপন পরিষদের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি বাবলু বড়ুয়া, সহ–সভাপতি নিতিশ বড়ুয়া, জিকু বড়ুয়া ও বিশ্বজিৎ বড়ুয়া শিমু; সাধারণ সম্পাদক সৈকত বড়ুয়া উত্তম, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান বড়ুয়া ও সমর বড়ুয়া; সাংগঠনিক সম্পাদক নয়ন বড়ুয়া, আশুতোষ বড়ুয়া, জুয়েল বড়ুয়াসহ বৌদ্ধ সম্প্রদায়ের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।












