রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:৫১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় পুকুরে গোসল করতে নেমে রবিন বড়ুয়া (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিন উপজেলার শিলক ইউনিয়নের বড়ুয়া পাড়া এলাকার অলক বড়ুয়ার ছেলে এবং শিলক উচ্চ বিদ্যালয় থেকে সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিন গত এসএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছিল। ওই বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য সে প্রস্তুতি নিচ্ছিল। পড়াশোনার পাশাপাশি সে রাঙ্গুনিয়া থানা সদরের সৈয়দবাড়ি এলাকার একটি ওয়ার্কশপে কাজ শিখছিল। এদিন দুপুরে কাজের ফাঁকে ওই ওয়ার্কশপের পাশেই একটি পুকুরে গোসল করতে নামে রবিন। এ সময় হঠাৎ পা পিছলে পানিতে ডুবে যায় সে। পরে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিলক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাবেদ হোসেন তালুকদার। তিনি বলেন, গত পরশুদিনও রবিন ক্লাস করেছে। প্রতিভাবান ও পরিশ্রমী এক কিশোরের এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে তার পরিবার এবং পুরো এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধমানুষের সেবা করাই সরকারি কর্মকর্তাদের প্রধান দায়িত্ব