রাঙ্গুনিয়ায় মজুদ ও বিক্রির সঠিক তথ্য সংরক্ষণের জন্য স্টক রেজিস্টার না থাকা এবং ট্রেড লাইসেন্স নবায়ন না করার অভিযোগে তিনটি চালকলকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার রানীরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজান নাজনীন সেতু অভিযানটি পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন আইন, ২০২৩–এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলা করা হয়। এসব মামলায় অভিযুক্ত তিনজনকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হলেও কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজান নাজনীন সেতু জানান, চালকলগুলোতে মজুদ ও বিক্রির সঠিক তথ্য সংরক্ষণের জন্য প্রয়োজনীয় স্টক রেজিস্টার পাওয়া যায়নি। এছাড়া কিছু প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়নি এবং কয়েকটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এসব অনিয়মের দায়েই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রাঙ্গুনিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমরান হোসেন।











