রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর আব্দুল মান্নান (৬২) হত্যা মামলার একমাত্র আসামি মোজাম্মেল আদালতে আত্মসমর্পণ করেছেন। সহকারী পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, বিজ্ঞ আদালত শুনানি শেষে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ১ সেপ্টেম্বর রাতে উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে তুচ্ছ ঘটনার জেরে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের জেঠাতো ভাই বাহাদূরের সাথে স্থানীয় মো. ছুফির ছেলে মোজাম্মেলের একটি বিয়ের দেনাপাওনা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সন্ধ্যায় স্থানীয় বাজারে মোজাম্মেল প্রকাশ্যে বাহাদূরকে প্রাণনাশের হুমকি দিলে নিহত মান্নান তার প্রতিবাদ করেন। এ নিয়ে হাতাহাতির ঘটনা ঘটলে স্থানীয়রা তা মীমাংসা করে দেন। পরবর্তীতে মান্নান চা–নাস্তা করে ঘর থেকে বের হলে ওৎ পেতে থাকা মোজাম্মেল পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রাউজানের পাহাড়তলী এলাকার একটি বেসরকারি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুল্লাহ আল মাসুদ মুন্না বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. জহির উদ্দিন জানান, মামলা দায়েরের পর থেকে আসামিকে গ্রেফতারে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়।





