রাঙামাটির দুর্গম দুমদুমিয়া এলাকা থেকে দুই ভারতীয় চোরাকারবারিকে আটকের পর বিজিবির কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকালে গণমাধ্যমে দেয়া এক প্রেসনোটে এ তথ্য জানিয়েছে কাপ্তাইয়ের ৪১ বিজিবি।
৪১ বিজিবি (কাপ্তাই ব্যাটালিয়ন) প্রেসনোটে জানিয়েছে, গত রোববার আনুমানিক বিকাল ৪টা ২০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি টহলদল দুমদুমিয়া চেকপোস্টে যানবাহন তল্লাশি পরিচালনা করে। এ সময় বিভিন্ন প্রকার ভারতীয় মালামালসহ সন্দেহভাজন দুই ভারতীয় চোরাকারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে অধিকতর তদন্তের জন্য আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে রাজস্থলী থানায় হস্তান্তরের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ক্যাম্পসংলগ্ন এলাকায় দেড় শতাধিক মানুষের সংঘবদ্ধ দল বিজিবি টহল দলের ওপর হামলা চালায়। এ সময় তারা নারীদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে টহল দলের হেফাজত থেকে আটক দুই সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পরপরই সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছিনিয়ে নেয়া ব্যক্তিদের পুনরায় আটক এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ পুশ–ইন ও অনুপ্রবেশ প্রতিরোধ এবং অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ সব ধরনের চোরাচালান দমনে দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তের নিরাপত্তা ও দেশের স্বার্থরক্ষায় বিজিবির এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তবে এ প্রসঙ্গে জানতে চাইলে রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, আমরা এমন ঘটনার খবর শুনেছি। এ বিষয়ে বিজিবি পক্ষ থেকে অফিসিয়ালি কোনো তথ্য আমাদের জানানো হয়নি।












