রাগেশ্রী সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২৬ at ৬:১৫ পূর্বাহ্ণ

নানা আয়োজনের মধ্য দিয়ে রাগেশ্রী সংগীত বিদ্যালয়ের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক সংগীত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ এবং গুণী শিল্পীদের সংবর্ধনা দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধ্রুব সংস্কৃতি পরিষদের অধীনে অনুষ্ঠিত বার্ষিক সংগীত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন। অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির চট্টগ্রাম চ্যাপ্টারের সহসভাপতি খোরশেদুল আলম কাদেরী, সাংবাদিক ও বাচিক শিল্পী নাজমুল আলিম সাদেকী এবং ধ্রুব সংস্কৃতি পরিষদ, বাংলাদেশের সাধারণ সম্পাদক স্বরূপ দেবনাথ। সভাপতিত্ব করেন রাগেশ্রী সংগীত বিদ্যালয়ের সভাপতি ঝুলন দত্ত। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের অধ্যক্ষ পপি বড়ুয়া। সংগীত ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে সংগীত প্রযোজক পাপিয়া আহমেদ, বেতার ও টেলিভিশন শিল্পী রাজেশ সাহা এবং ঢোলবাদক শিবু জলদাসকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ঢোলবাদক শিবু জলদাসের ঢোলবাদনা উপস্থিত দর্শক–শ্রোতাদের মুগ্ধ করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিক শিল্পী তামান্না ইসলাম।

সাংস্কৃতিক পর্বে রাগেশ্রী সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা একক ও সমবেত সংগীত এবং বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন। এ ছাড়া বিদ্যালয়ের নৃত্য বিভাগের শিক্ষার্থীদের দলীয় নৃত্য, কালার্স একাডেমির পরিবেশনা এবং দলীয় যন্ত্রসংগীত অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। সংগীত পরিচালনায় ছিলেন বেতার শিল্পী রীপা বড়ুয়া, নৃত্য পরিচালনায় শ্রেয়া দাশ, আবৃত্তি পরিচালনায় মিথুন বড়ুয়া এবং দলীয় যন্ত্রসংগীত পরিচালনায় প্রাঙ্গন বড়ুয়া। কালার্স একাডেমির দল পরিচালনার দায়িত্বে ছিলেন ফরহাদ শাহরুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৩ একাডেমি কাপ ফুটবলের ফাইনালে রামপুর
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২০.৫৪ কোটি টাকা