রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের বলেছেন, প্রশাসনের কর্মকর্তাদের কাছে জেনেছি পাহাড় থেকে নেমে আসা পানি ও হালদা–কর্ণফুলী নদীর পানির চাপে রাউজানে সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই বন্যার কারণে এলাকার হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছে। গতকাল রোববার সন্ধ্যায় গহিরায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি যোগাযোগ অবকাঠামো, মৎস্য, পোল্ট্রি, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরে বলেন, সরকারিভাবে এই পর্যন্ত দুর্গতদের জন্য সহায়তা পাওয়া গেছে ৪০ টন খাদ্য ও দশ লক্ষ টাকা। নিজের পরিবারের পক্ষে এই পর্যন্ত দুই হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে বলে জানান তিনি। আরো চার হাজার পরিবারে সহায়তা দেওয়ার প্রস্তুতি চলছে। তার পরিবারের পক্ষে বিভিন্ন ইউনিয়নে পানি মাড়িয়ে এসব ত্রাণ নিয়ে যাচ্ছেন নিজের ছেলে ও পুত্রবধূ। তিনি এলাকার সচ্ছল ও দানশীল ব্যক্তিদের প্রতি দুর্ভোগে থাকা মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সংসদ সদস্য এর আগে উপজেলা প্রশাসনে সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিস্তারিত ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরার অনুরোধ করেন। সংসদ সদস্য বলেন, স্বৈরাচারের আমলে বাধার কারণে রাউজানে মানুষ বাড়ি করতে পারছিল না। এখন মানুষ ব্যাপক হারে বাড়ি ঘর করতে পেরে খুশি। তবে তিনি সতর্ক করে বলেন, অপরিকল্পিত ভাবে খাল নালায় পানি নিষ্কাশনের পথ বন্ধ করে বাড়ি নির্মাণ করা থেকে বিরত থাকতে হবে। তিনি নির্বাচনের পর প্রথমবারের মত সাংবাদিকদের সাথে বসা হয়েছে উল্লেখ করে রাউজানের আইন শৃংঙ্খলার উন্নতি ও উন্নয়ন কাজের সহযোগী হয়ে সাংবাদিকরা কাজ করবেন এমন প্রত্যাশা করছেন। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা এম এ হালিম, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা কমান্ডার মোহাম্মদ শফি, সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, ফিরোজ আহমদ, সৈয়দ মঞ্জুরুল হক, হাবিবুল্লাহ মাস্টার, খোরশেদ আলম প্রমুখ।












