রাউজান দলিল লেখক সমিতির কার্যালয়ে জানালার কাচ ভেঙে অতিদাহ্য পদার্থ ছিটিয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। গতকাল শনিবার ভোরে রাউজান পৌর সদরে অবস্থিত সাব রেজিস্ট্রি অফিসের পাশে দলিল লেখক সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শনিবার রাউজান থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছেন রাউজান থানার ওসি সাইফুল ইসলাম।
দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর বলেন, সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় হেলমেট পরিহিত দুই যুবক শনিবার ভোরে জানালার কাচ ভেঙে ভেতরে অতিদাহ্য পদার্থ ছিটিয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে। নাশকতার উদ্দেশ্যে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে সাব রেজিস্ট্রার থানার ওসি ও ইউএনও’র সঙ্গে কথা বলে অফিসিয়ালভাবে থানায় জিডি করা হয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে গ্রামীণ ব্যাংকের রাউজানের কদলপুর শাখা কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত ৩ টা ৪১ মিনিটের সময় রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের আশরাফ আলী চৌধুরী হাট প্রকাশ সোমবাইজ্জে হাট বাজারস্থ আইডিয়াল স্কুল সড়কের পাশে অবস্থিত এ শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এতে কোনো ধরনের ক্ষয়–ক্ষতি হয়নি।










