রবি এআই স্পেসের যাত্রা শুরু

| বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের প্রথম অলইনওয়ান এআই হাব ‘রবি এআই স্পেস’ চালু করেছে রবি আজিয়াটা পিএলসি। মাই রবি অ্যাপের মাধ্যমেই গ্রাহকেরা সহজে এই সেবাটি ব্যবহার করতে পারবেন। ‘এভরি এআই’ প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে রবির এই নতুন সেবাটি চালু করা হয়েছে।

এতে সরাসরি স্থানীয় গ্রাহকদের হাতের নাগালে নিয়ে আসা হয়েছে চ্যাটজিপিটি, জেমিনি, ক্লড এবং ডিপসিকের মতো বিশ্বখ্যাত একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল। গ্রাহকেরা এখন একটিমাত্র প্রিমিয়াম সাবস্ক্রিপশন অথবা নির্দিষ্ট এআই বান্ডেল প্যাক কেনার মাধ্যমেই এগুলো ব্যবহার করতে পারবেন।

বাংলাদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার মাত্র ১.৬ শতাংশ হওয়ায় আন্তর্জাতিক পেমেন্টের সীমাবদ্ধতার কারণে বিশ্বমানের বিভিন্ন ডিজিটাল সেবা থেকে এতদিন বঞ্চিত ছিলেন অনেক ব্যবহারকারী। রবির এই নতুন উদ্যোগ সেই বাধা দূর করেছে। এই প্ল্যাটফর্মটি শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের কথা ভেবে তৈরি করা হয়েছে। ব্যবহারকারীরা এভরি এআই অ্যাপের ভেতরেই সরাসরি তাদের লাইভ টোকেন ব্যালেন্স দেখতে পাবেন। ফলে একাধিক আন্তর্জাতিক সাবস্ক্রিপশন রাখা বা আলাদা পেমেন্ট অ্যাকাউন্ট ব্যবহারের ঝামেলা আর থাকবে না।

এ বিষয়ে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ক্রেডিট কার্ড ব্যবহারের কম হার বৈশ্বিক ডিজিটাল টুলসগুলোর নাগাল পাওয়ার ক্ষেত্রে আমাদের বাজারে দীর্ঘদিন ধরেই একটা বড় বাধা ছিল। মাই রবি অ্যাপে অলইনওয়ান এই এআই প্ল্যাটফর্ম নিয়ে এসে আমরা সেই প্রতিবন্ধকতা দূর করছি। উন্নত ডিজিটাল প্রযুক্তিকে সবার কাছে পৌঁছে দেওয়া, প্রযুক্তি ব্যবহারের বাধা দূর করা এবং তরুণ সমাজ ও সাধারণ মানুষকে স্থানীয় মোবাইল সংযোগের মাধ্যমেই নির্বিঘ্নে বিশ্বমানের এআই ক্ষমতা ব্যবহারের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের মধ্যে কৃষি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধচিটাগাং ইম্পেরিয়াল রোটারি ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী