মহাকাশে ২২ ঘণ্টা কাটিয়ে পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করে ফিরে আসার পর টেক্সাসের উৎক্ষেপণ টাওয়ারের যান্ত্রিক বাহুর মধ্যে সফলভাবে অবতরণ করেছে স্পেসএক্সের বিশাল স্টারশিপ রকেটের ওপরের অংশ। এর মধ্য দিয়ে মহাকাশ অভিযানের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করল ইলন মাস্কের মহাকাশ গবেষণা কোম্পানি স্পেসএক্স। পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসা একটি পূর্ণাঙ্গ মহাকাশযানকে মাটিতে নামার আগেই যান্ত্রিক বাহুর মাধ্যমে শূন্যে ধরে ফেলার ঘটনা এই প্রথম। খবর বিডিনিউজের।
মহাকাশযানকে উৎক্ষেপণের পর আবার একই টাওয়ারে ফিরিয়ে আনার এই পরীক্ষায় সাফল্য রকেটকে পুরোপুরি পুনর্ব্যবহারযোগ্য করার পথে বড় অগ্রগতি। এই সাফল্যে স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও সিইও ইলন মাস্ক তার ‘অসাধারণ দলটিকে’ অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মহাকাশযানটির ছবি ও ভিডিও প্রকাশ করে তিনি লেখেন, ‘শিপ ৪২ দেখতে দারুণ!’
অবতরণের কয়েক ঘণ্টার মধ্যেই স্পেসএক্সের প্রকৌশলীরা মহাকাশযানটি পরীক্ষা শুরু করেন। তারা জানান, এবারের উৎক্ষেপণে পৃথিবীর বায়ুমন্ডল ভেদ করে ফেরার ক্ষেত্রে স্টারশিপের গুরুত্বপূর্ণ তাপ–প্রতিরোধী ঢালসহ (হিট শিল্ড) অন্যান্য সব ব্যবস্থাই ঠিকঠাক কাজ করেছে। ২০২৩ সালের পর পূর্ণাঙ্গ স্টারশিপের এটি ছিল পঞ্চদশ পরীক্ষামূলক উড্ডয়ন এবং কক্ষপথে পৌঁছানোর মাত্র দ্বিতীয় অভিযান। আগের অভিযানে স্টারশিপটি মাত্র দুইবার পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করতে পেরেছিল। সে তুলনায় এবারের অভিযান অনেক বেশি সফল।
৫২ মিটার উচ্চতার স্টারশিপ হল স্পেসএক্স এর বানানো বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং সম্পূর্ণ পুনঃব্যবহারযোগ্য একটি সুপার হেভি–লিফট উৎক্ষেপণ যান। এই দুই ধাপের রকেটব্যবস্থার নিচের অংশের নাম ‘সুপার হেভি বুস্টার’ এবং ওপরের মহাকাশযানটির নাম ‘শিপ’। চাঁদ ও মঙ্গলে মানুষ এবং সরঞ্জাম পরিবহনের উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছে। পৃথিবীতে ফিরে আসার সময় ঘণ্টায় প্রায় ১৭ হাজার মাইল (প্রায় ২৭ হাজার ৩৬০ কিলোমিটার) গতিতে চলছিল মহাকাশযানটি। বায়ুমণ্ডলে প্রবেশের সময় প্রচণ্ড তাপের মুখে পড়ে এটি। ধীরে ধীরে গতি কমিয়ে শব্দের চেয়ে বেশি গতিতে নিচে নামতে থাকে।









