নগরীর পতেঙ্গা থেকে কাভার্ডভ্যান ভর্তি প্লাস্টিক দানা আত্মসাতের একটি ঘটনায় মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আত্মসাৎ হওয়া ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা ও একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ২২ লাখ টাকা। গত ১৫, ১৪ ও ১১ মে পৃথক তিনটি অভিযান চালিয়ে আত্মসাৎ হওয়া মালামালসহ তাদেরকে গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন– মূলহোতা মো. আশরাফ আলী সিকদার, সহযোগী ইমাম আলী ওরফে ইমন ও মো. রাশেদ।
পুলিশ জানায়, চট্টগ্রাম ট্রান্সপোর্ট নামের একটি প্রতিষ্ঠানের ম্যানেজার হলেন ওবাইদুল হক খসরু। তিনি গত ৯ মে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। এতে বলা হয়, প্যারাগন প্লাস্টিক লিমিটেডের আমদানিকৃত প্লাস্টিক দানা ফ্যাক্টরিতে পৌঁছে দিতে মোকাম লিমিটেডের মাধ্যমে তার প্রতিষ্ঠান একটি কাভার্ডভ্যান ভাড়া করে। পরে উক্ত কাভার্ডভ্যানে ৫২০ ব্যাগ প্লাস্টিক দানা লোড করা হয়েছিল, যার বাজারমূল্য প্রায় ৪২ লাখ ৬৪ হাজার টাকা। লোড করা শেষ হলে চালানপত্র গাড়িচালক মো. রাশেদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। পতেঙ্গা থানাধীন এসএপিএল ডিপো থেকে লোডকৃত মালামাল নির্ধারিত ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়ার কথা থাকলেও বাহক তথা চালক রাশেদ সেটি করেননি। বরং তিনি সহযোগীদের নিয়ে গত ৪ মে থেকে ৮ মে সময়ের মধ্যে উক্ত মালামাল আত্মসাৎ করে বসেন। পুলিশ আরো জানায়, কাভার্ডভ্যান ভর্তি প্লাস্টিক দানা আত্মসাতের মামলাটি তদন্তের একপর্যায়ে গত গত ১১ মে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ঘটনায় জড়িত ইমাম আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৩ মে চট্টগ্রামের মীরসরাই এলাকায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যান চালক মো. রাশেদকে গ্রেপ্তার করা হয়। এরপর রাশেদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত শুক্রবার তথা ১ মে রাতে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে মো. আশরাফ আলী সিকদারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে টঙ্গী পশ্চিম থানাধীন সুদাফা পূর্বপাড়া ভাদাম রোড এলাকার একটি গুদাম থেকে ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা এবং আত্মসাতে ব্যবহৃত কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়। পতেঙ্গা থানার উপ–পরিদর্শক (এসআই) হারেছ মোহাম্মদ কুসুম দৈনিক আজাদীকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।













