আইসিসি টেস্ট র্যাংকিংয়ে ব্যাটিং তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের মুশফিকুর রহিমের। অবনতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক ও ব্যাটার নাজমুল হোসেন শান্ত এবং বাঁ–হাতি স্পিনার তাইজুল ইসলামের। গতকাল বুধবার টেস্ট র্যাংকিংয়ের সর্বশেষ অবস্থা প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। খবর বাসসের।
টেস্ট র্যাংকিংয়ে ব্যাটিং তালিকায় এক ধাপ উন্নতি হয়েছে মুশফিকের। ৬৭২ রেটিং নিয়ে ১৬তম স্থানে উঠেছেন তিনি। টেস্টে বাংলাদেশ ব্যাটারদের মধ্যে এটিই সেরা র্যাংকিং। মুশফিকের উন্নতি হলেও, অবনতি হয়েছে শান্তর। এক ধাপ পিছিয়ে ২১তম স্থানে নেমে গেছেন তিনি। তার রেটিং ৬৫৪। অবনতি হয়েছে মোমিনুল হকেরও। এক ধাপ পিছিয়ে ৫৮৭ রেটিং নিয়ে ৩৭তম স্থানে আছেন তিনি। ৫৯৪ রেটিং নিয়ে ৩৪তম স্থান ধরে রেখেছেন বাংলাদেশের আরেক ব্যাটার ও উইকেটরক্ষক লিটন দাস।
বোলিং তালিকায় টেস্ট র্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে ১৫তম স্থানে নেমে গেছেন বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলাম। ৭২০ রেটিং আছে তার। ৬৬৪ রেটিং নিয়ে ২৩তম স্থান ধরে রেখেছেন বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
টেস্ট ব্যাটারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেছেন ইংল্যান্ডের জো রুট। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অর্ধশতক হাঁকানোর সুবাদে শীর্ষ দশ–এ প্রবেশ করেছেন শ্রীলংকার কামিন্দু মেন্ডিস। দুই ধাপ এগিয়ে ১০ম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। ১৫ ধাপ উন্নতি হয়েছে পাকিস্তানের ব্যাটার সৌদ শাকিলের। ১৮তম স্থানে উঠে এসেছেন তিনি।
২৯ ধাপ এগিয়ে ২৫তম স্থানে উঠে এসেছেন শ্রীলংকার ব্যাটার সোনাল দিনুশা। ভারতের দেবদূত পাডিক্কাল পাঁচ ধাপ এগিয়ে ৫৪তম স্থানে উঠেছেন র্যাংকিংয়ে পাঁচ ধাপ পিছিয়ে ১৫তম স্থানে নেমে গেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
টেস্ট বোলিং র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। ছয় ধাপ উন্নতিতে শীর্ষ পাঁচের মধ্যে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ড পেসার ওলি রবিনসন। লর্ডস টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি। ছয় ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন রবিনসন।












