আগের আসরগুলোতে পূর্ণ শক্তির দল না পাঠালেও এবার ভিন্ন পথ বেছে নিল বিসিবি। এশিয়ান গেমসে খেলবে বাংলাদেশের পূর্ণ শক্তির টি–টোয়েন্টি দলই। সেই দলে কৌতূহল জাগানিয়া একমাত্র নাম নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের টেস্ট অধিনায়ককে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দেখা যায়নি গত দেড় বছরে। জাতীয় দলের টি–টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস নেতৃত্ব দেবেন এশিয়ান গেমসের দলকেও। দলের আরেকটি উল্লেখযোগ্য নাম হাসান মাহমুদ। সমপ্রতি ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের নায়ক এই পেসার সবশেষ আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলেছেন প্রায় দেড় বছর আগে।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে জাপানে শুরু হবে এশিয়ান গেমস। ১০ দলের ছেলেদের ক্রিকেট ইভেন্ট মাঠে গড়াবে ২৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে জায়গা পাওয়ায় বাংলাদেশকে খেলতে হবে না গ্রুপ পর্বে। আগামী ২৮ সেপ্টেম্বর সরাসরি কোয়ার্টার–ফাইনালে মাঠে নামবেন লিটনরা। সেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হংকং বা ওমান। খবর বিডিনিউজের।
এশিয়ান গেমসে এবার প্রথমবারের মতো পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে ভারত। তবে বাংলাদেশ তাদেরকে অনুসরণ করেনি বলেই দাবি করলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। তিনি বললেন, ২০১০ এশিয়ান গেমসের সোনা জয়ের সাফল্যের পুনরাবৃত্তি করতেই তাদের এই প্রয়াস। আমরা আসলে সোনার পদক জিততে চাই, এজন্যই মূল দল বেছে নেওয়া। অন্যরা কী করছে, সেটা বড় কথা নয়। এশিয়ান গেমসে বাংলাদেশ একটিই সোনা জিতেছে, সেটি ক্রিকেটেই ২০১০ সালে। এবার একটি সুযোগ হতে পারে। সামনে যদি অলিম্পিকসে ক্রিকেট থাকে, তবে এটা একটা প্রস্তুতি হতে পারে। এশিয়ান গেমসে বাংলাদেশ স্কোয়াড : লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় (সহ–অধিনায়ক) মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি চৌধুরি, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।












