মুক্তি পেয়েছে অ্যাশেজের ‘ফেরিওয়ালা’

| রবিবার , ৩ মে, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

এক দশকের অপেক্ষা শেষে প্রকাশ পেয়েছে ব্যান্ড অ্যাশেজের নতুন গান ‘ফেরিওয়ালা’। ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার থেকে শোনা যাচ্ছে গানটি। এটি বিভ্রম অ্যালবামের চতুর্থ গান। গানটির কথা ও সুর করেছেন জুনায়েদ ইভান। গানটির ভিডিও দৃশ্যধারণ করা হয়েছে কানাডা ও রাঙামাটির কাপ্তাই লেকে। গানটি তৈরি শুরু হয়েছে প্রায় দশ বছর আগে। তা জানিয়ে ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান বলেন, সে অনেক আগের কথা। খবর বিডিনিউজের। ১০ বছরের বেশি হবে গানটি তৈরি করেছিলাম। তখন বুঝিনি রিলিজ করতে এত সময় লাগবে। ২০১৬ সালে ফেসবুকে দুই লাইন প্রকাশের পর পর থেকে রিলিজ অবধি আপডেট জানতে চেয়েছেন শ্রোতারা। ইউটিউব ও ফেসবুকে জমা হয়েছে হাজারের বেশি মন্তব্য। যা আমাদের আপ্লুত করেছে। অবশেষে গানটি রিলিজ দিতে পারছি। ভালো লাগছে। ঢাকা ও ঢাকার বাইরে নিয়মিত কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে অ্যাশেজ। চলতি বছর জুনে ইতালির রোম, ভেনিস এবং ফ্রান্সের প্যারিসে ব্যান্ডটির পারফর্ম করার কথা রয়েছে।

অ্যাশেজ ব্যান্ডের বর্তমান লাইনআপে রয়েছেন জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (গিটার), ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার), আদনান বিন জামান (কিবোর্ড) ও তৌফিক আহমেদ বিজয় (ড্রামস)। ২০০৬ সালে যাত্রা শুরু করে অ্যাশেজ ব্যান্ড। গান ও স্টেজ পারফরম্যান্সের মাধ্যমে বিভিন্ন বয়সের শ্রোতাদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে ব্যান্ডটি। অ্যাশেজের দুটি অ্যালবাম রয়েছে, তা হল ‘ছারপোকা’ ও ‘অন্তঃসারশূন্য’।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টি সিরিজ জেতা হলো না লিটনদের
পরবর্তী নিবন্ধ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমা দিয়ে ফিরছেন মৌসুমী