মীরসরাই উপজেলা যুবলীগের সম্মেলন আগামী ২৮ নভেম্বর। মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যে সরগরম হয়ে উঠেছে মাট। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সভাপতি পদে ৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জনের সরব প্রচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতিমধ্যে প্রার্থীগণ প্রতিটি ইউনিয়নে ও হাট বাজারে জনসমাগম স্থলগুলোতে নিজেদের সমর্থনে সরব অবস্থান করছেন।
সম্মেলন যুবলীগের হলেও এর প্রভাব সবার মাঝে। সকল সভাপতি সম্পাদক প্রার্থীকে দলের শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত ভাবের আদান প্রদান ও হৃদ্যতা বৃদ্ধিতে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে। এই বিষয়ে মীরসরাই উপজেলা যুবলীগের আহ্বায়ক মোস্তফা মানিক বলেন, এবারের সস্মেলনে প্রধান অতিথি থাকবেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জ্যেষ্ঠপুত্র মাহবুব রহমান রুহেল। এছাড়া অতিথি থাকবেন উত্তর জেলা যুবলীগের সভাপতি এসএম আল মামুন ও সাধারণ সম্পাদক এস এম রাশেদুল ইসলাম। সম্মেলনকে ঘিরে সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা মাঠে চষে বেড়াচ্ছেন। সম্ভাব্য প্রার্থীগদের মধ্যে সভাপতি পদে আলোচিত উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল হক। একই পরিষদের সাবেক সেক্রেটারী বর্তমান যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন মান্না, যুগ্ম আহ্বায়ক প্রফেসর নুরুল আবছার সেলিম, যুগ্ম আহ্বায়ক মাহফুজুল আলম ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাইনুর ইসলাম রানা। সাধারণ সম্পাদক প্রার্থীদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এমরান উদ্দিন সোহেল, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল ভূঞা, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক নেতা মেজবাহ উদ্দিন বাবু, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা মেজবাউল করিম সোহেল ও ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের আশরাফুল কামাল মিঠু।
অন্যতম সভাপতি প্রার্থী তৌহিদুল হক বলেন, বঙ্গবন্ধু ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আদর্শ থেকে কখনো বিচ্যুত হইনি। চরম দুর্দিনে মাঠে ময়দানে সবসময়ই নৌকার জন্য লড়াই করেছি। আরেক সভাপতি প্রার্থী মোশাররফ হোসেন মান্না বলেন, আমাদের একটিই লক্ষ্য দেশের স্বার্থে ও মীরসরাইবাসীর কল্যাণে কাজ করা। প্রফেসর নুরুল আবছার সেলিম বলেন, কৈশোর থেকেই মীরসরাই সদরের মতো স্থানে শত প্রতিকূলতায় আমার প্রিয় নেতা ও প্রিয় ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ভ্যানগার্ড ছিলাম। মাহফুজুল আলম বলেন, বঙ্গবন্ধু ও প্রিয় ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আদর্শ নিয়ে মাঠে আছি থাকবো সবসময়। সাধারণ সম্পাদক প্রার্থী এমরান উদ্দিন সোহেল বলেন, মীরসরাই উপজেলায় যেই অগ্রগতির ধারাবাহিকতা চলমান তা রক্ষাই আমাদের একমাত্র লক্ষ। মেজবাহ উদ্দিন বাবু বলেন, স্বপ্নের মীরসরাই গড়তে প্রহরী হয়ে ছিলাম, থাকবো। মেজবাহুল করিম সোহেল বলেন, ওচমানপুরের মতো স্থানে থেকে বিএনপির দুর্গকে প্রতিহত করে শত প্রতিকূলতা মাড়িয়ে লড়াই করেছি। ওয়াদেপুরের আশরাফুল মিঠু বলেন, যুবজাগরণে দেশের নবীন কান্ডারী হয়ে কাজ করার সুযোগ চাই।










