মিয়ানমারে পাচার হচ্ছিল সিমেন্ট, দুটি কার্গো বোটসহ ১,২৬০ বস্তা জব্দ

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:৩৫ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গা ও বাঁশখালী উপজেলায় বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বোঝাই করা ১ হাজার ২৬০ বস্তা (৬৩ টন) সিমেন্টসহ দুটি কার্গো বোট জব্দ করা হয়েছে।

গতকাল কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার রাত ৩টায় বাঁশখালী থানাধীন বাংলাবাজার ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৮০ হাজার ৫০০ টাকার ৫১০ বস্তা (সাড়ে ২৫ টন) সিমেন্ট পাওয়া যায়। এ সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকার ৭৫০ বস্তা (সাড়ে ৩৭ হাজার টন) সিমেন্টসহ বোটটি জব্দ করা হয় এবং এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন সাব্বির আলম সুজন।

পূর্ববর্তী নিবন্ধকেজিতে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম
পরবর্তী নিবন্ধউপরে ফিটফাট, ভিতরে ‘আবর্জনাঘাট’