তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার কাজ বন্ধ রেখে রাস্তায় নেমে আসেন। এক পর্যায়ে তারা হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কের উভয়পাশে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
প্রায় ৩ ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে শিল্প পুলিশ ও সাভার হাইওয়ে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয় বলে জানিয়েছেন ঢাকা জেলা (উত্তর) ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোহাম্মদ রুহুল আমীন সোহেল।
এদিকে মিরপুরে এক পুলিশ সদস্যের ওপর হামলা হয়েছে। মিরপুরে শ্রমিক আন্দোলনে বিশেষ উদ্দেশ্য দেখছে পুলিশ। ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান বলছেন, এখন আর এটা শ্রমিকদের আন্দোলন না। শ্রমিকদের আন্দোলনের মধ্যে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পোশাক শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর নতুন মজুরি বোর্ড গঠনের পরিপ্রেক্ষিতে কারখানার উৎপাদন সচল রাখতে এবং বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকেরা। খবর বিডিনিউজের।
সড়ক অবরোধ : প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পরে হেমায়েতপুর থেকে সিংগাইর সড়কের পদ্মার মোড়ে জড়ো হন স্থানীয় কয়েকটি কারখানার শ্রমিকরা। তখন পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে শ্রমিকরা সেখানে থেকে সরে গিয়ে বেলা সাড়ে ৩টার দিকে হঠাৎ মিছিল করে মহাসড়কে জড়ো হন। এ সময় তারা দাবি পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। তখন একেএইচ, মেঙকম, এজেআইসহ সকল কারখানা শ্রমিকরাও জড়ো হতে থাকেন।
এ সময় মহাসড়কের উভয় পাশে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও বিভিন্ন যানবাহন আটকা পড়ে। হঠাৎ রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী, অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও পথচারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ সদস্যের ওপর হামলা : ঢাকার মিরপুরে মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যকে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। গতকাল বেলা ১১টার দিকে কালশী রোডে এ হামলার ঘটনা ঘটে। হামলার একটি ভিডিওতে দেখা গেছে, এক পুলিশ সদস্যকে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন কয়েকজন। কয়েকজন আবার হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করছেন।
পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, এদিক (মিরপুর ১১) থেকে যখন শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করা হয়েছে, তখন তারা কালশীর দিকে সরে যায়। সেই সময় পল্লবী থানা থেকে পুলিশ সদস্যরা মিরপুর ১১–এর দিকে আসছিল। দলছুট অবস্থায় পেয়ে একজনের ওপর হামলা চালানো হয়। আহত পুলিশ সদস্য একজন কনস্টেবল, তার নাম মো. সাইমন। তিনি বর্তমানে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১১ মেট্রো স্টেশনের নিচে পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে। সকাল থেকে পল্লবীর শিল্প এলাকায় কয়েক হাজার শ্রমিক বিভিন্ন পোশাক কারখানার সামনে অবস্থান নেন। সে সময় তাদের হাতে লাঠিসোঁটা দেখা গেছে।
এরপর শ্রমিকরা সড়কে নেমে এলে পুলিশ তাদের বাধা দেয়। তখন শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের দিকে ইটপাটকেল ছুড়তে থাকেন। মিরপুর ১১ মেট্রো স্টেশনের নিচে সংঘর্ষ চলায় এ স্টেশনের ভেতরে আটকা পড়েন বহু যাত্রী। এর মধ্যে পূরবী শিল্প এলাকার বিভিন্ন গলি থেকে অন্তত পাঁচজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্য বলে ভাষ্য পুলিশের। এদিকে আন্দোলনের ষষ্ঠ দিনে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে ১৬ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
আওয়ামী লীগের ৩৩ জন গ্রেপ্তার : পোশাক শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৩ জনকে গ্রেপ্তারের কথা বলেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ গতকাল সকালে এক বার্তায় বলেছে, আগের ২৪ ঘণ্টায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারদের বিস্তারিত নাম–পরিচয় প্রাথমিকভাবে জানানো হয়নি।
এখন এটা শ্রমিকদের আন্দোলন না : মজুরি বোর্ড গঠন হওয়ার পরও যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, যেহেতু গত পরশুই মজুরি বোর্ড গঠন হয়েছে, কাজেই এখন আর এটা শ্রমিকদের আন্দোলন না। যারা যারা বাইরে আছে আমরা ধরে নেব যে এরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এদের ব্যাপারে আমরা আইনগতভাবে কঠোর ব্যবস্থা নিচ্ছি।
গতকাল দুপুরে সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বিজিবি মোতায়েন : শ্রমিকদের আন্দোলনের মধ্যে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল বাহিনীর সদর দপ্তরের এক বার্তায় বলা হয়েছে, গাজীপুর, নারায়ণগঞ্জ ও আশপাশের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে লাইভ মনিটরিং জোরদার করার কথা বলা হয়েছে।
বিশেষ উদ্দেশ্য দেখছে পুলিশ : পোশাক শিল্পের জন্য মজুরি বোর্ড গঠনের পরও মিরপুরে যারা আন্দোলন করছেন, তাদের বিশেষ উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন ডিএমপির পিওএম দক্ষিণ বিভাগের উপকমিশনার তৌহিদুল আরিফ।












