নগরীর কোতোয়ালী থানার একটি চুরির মামলায় মা–মেয়েসহ সংঘবদ্ধ চক্রের ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে পাশের বাকলিয়া থানার ফুলকলি শাহ আমানত হাউজিং সোসাইটির বাকলিয়া টাওয়ারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সেই সাথে চুরি যাওয়া স্বর্ণের এক জোড়া বালা, রুপার দুটি নূপুর, নগদ ৮০ হাজার টাকা, ৯টি কামিজ ও একটি শাড়ি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, তাসলিমা আক্তার তাসু (২৩), তার মা রিনা বেগম প্রকাশ রিনা আক্তার রেহেনা (৪৬), তানিয়া আক্তার সাথী (২৪), মোহাম্মদ ছাব্বির (১৯) ও মো. জামাল (৩৯)।
পুলিশ জানায়, গত ১১ নভেম্বর কোতোয়ালী থানাধীন আসকার দিঘী পাড় এলাকায় আখি খাতুন নামের এক নারীর বাসায় চুরির ঘটনা ঘটে। ওই দিন দুপুরে বাসায় তালা দিয়ে কর্মস্থলে গিয়েছিলেন আখি ও তার স্বামী। সন্ধ্যায় ফিরে তারা দরজার তালা ভাঙা এবং ঘরের মূল্যবান মালামাল চুরি যাওয়ার বিষয়টি দেখতে পান। নগদ টাকা, স্বর্ণালংকার, রুপার অলংকার, পোশাকসহ প্রায় ৪ লাখ ৬২ হাজার ২০০ টাকার মালামাল চুরি হয়। এ ঘটনায় ভিকটিমের পক্ষে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির দৈনিক আজাদীকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা নানা রকম বেশ ধরে চুরিসহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। অন্যের শিশু সন্তানকে নিজেদের বলে কোলে নিয়ে ঘুরে বেড়ান। ভাড়ার জন্য বাসা দেখছেন– এমন বেশও তারা ধরেন। তারা একটি সংঘবদ্ধ চক্র। গ্রেপ্তারকৃতদের মধ্যে রিনা বেগমের বিরুদ্ধে চুরির দুটি মামলা রয়েছে। নগরের বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে সংঘবদ্ধভাবে চুরির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। গ্রেপ্তার পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি জাহেদুল কবির।








