মালয়েশিয়ায় দুই বাংলাদেশি মানবপাচারকারী ও ৯ ভুক্তভোগী আটক

| শনিবার , ৯ মে, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

মালয়েশিয়ায় পাচারের শিকার নয় বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ; তাদের অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহায়তার অভিযোগে আরও দুই বাংলাদেশিকেও গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, সেলাঙ্গরের পেটালিং জায়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ‘শফিক গ্যাং’ নামে পরিচিত বাংলাদেশি অভিবাসী পাচারকারী চক্রের ওই দুই সদস্যকে আটক করে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গত ৫ মে ওই অভিযানের পর ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, মালয়েশিয়ায় পাচার করে আনা হয়েছে এমন সন্দেহে তারা নয়জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছেন। তিনি বলেন, পাচারে সহায়তাকারী হিসেবে কাজ করা চক্রের আরও দুই বাংলাদেশি সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। খবর বিডিনিউজের।

আটক ব্যক্তিদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে। মানবপাচার ও অভিবাসী চোরাচালানবিরোধী ২০০৭ সালের আইনে তদন্তের জন্য তাদের পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। বারনামা লিখেছে, যে বাড়িটিতে অভিযান চালানো হয়েছিল, সেটি অবৈধ অভিবাসীদের লুকিয়ে রাখা এবং ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করা হত।

জাকারিয়াকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, “ধারণা করা হচ্ছে, তারা (নয় বাংলাদেশি) প্রায় দুই দিন আগে একটি প্রতিবেশী দেশে প্রবেশ করে, এরপর সেখান থেকে পাচার হয়ে মালয়েশিয়ায় আসে।”

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে অস্ত্র ও গুলিসহ ৪ ডাকাত আটক
পরবর্তী নিবন্ধনষ্ট ধানের গোছা দেখিয়ে কৃষক বলেন, সব শেষ