অনলাইন গেমিং স্ক্যাম বা জুয়ার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চার বাংলাদেশিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ। দেশটির কেদা রাজ্যের কুয়ালা মুডা জেলা পুলিশ প্রধান এসিপি হানইয়ান রামলানের বরাতে সংবাদমাধ্যম মালয়মেইল গতকাল রোববার এক খবরে বলেছে, গ্রেপ্তারকৃতরা জেলার তামান লাগেনদা এলাকার একটি পরিত্যক্ত হোটেলে অবস্থান করে গত জুন মাস থেকে অনলাইন গেমিং জুয়ায় সক্রিয় ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে গ্রেপ্তারকৃতদের নাম ও পরিচয় প্রকাশ করেনি পুলিশ। খবর বিডিনিউজের।
কুয়ালা মুডা জেলা পুলিশ সদরদপ্তরে (আইপিডি) রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসিপি রামলান বলেন, ‘গত ২১ অক্টোবর রাতে আইপিডির বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগের (সিসিআইডি) একটি দল অভিযান চালিয়ে ২০ থেকে ৫৩ বছর বয়সি ৪ বাংলাদেশি পুরুষকে গ্রেপ্তার করে। দলটি মূলত মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের টার্গেট করেই এই প্রতারণা চালাত। এ বেআইনি কার্যক্রমে পরিচালনার জন্য অভিযুক্তরা প্রতি মাসে প্রায় ২৭০০ মালয়েশিয়ান রিংগিত করে অর্থ পেত বলে ধারণা করা হচ্ছে। পরে প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে শুক্রবার আরেক অভিযানে ৪০ ও ৫০ বছর বয়সি ২ মালয়েশীয় পুরুষকে গ্রেপ্তার করা হয়। তারা ওই পরিত্যক্ত হোটেল ভবনের মালিক এবং সেটি ভাড়া দেওয়ার এজেন্ট হিসেবে কাজ করেছিল।’












