মারা গেলেন চবির সাবেক শিক্ষার্থী শফিকুল সাজু

চবি প্রতিনিধি | বুধবার , ৪ নভেম্বর, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী ও নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম সাজু মারা গেছেন। দীর্ঘদিন ধরে অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য দেশ–বিদেশে চেষ্টা চালিয়েও তাকে বাঁচানো যায়নি।

গতকাল মঙ্গলবার সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার আহ্‌ছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ–উপাচার্য (প্রশাসন) ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছিলেন শফিকুল সাজু। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়া হয়েছিল। তবে সেখানকার চিকিৎসকেরা রোগটির আর চিকিৎসার সুযোগ নেই জানিয়ে তাকে দেশে ফিরিয়ে দেন। পরে ঢাকার আহ্‌ছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় বছর বয়সী মেয়ে নভেরা সাদমীন ও সাড়ে চার বছর বয়সী ছেলে ইরাম ফাইয়াজকে রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ১৯৮৮ সালে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জন্মগ্রহণ করেন শফিকুল সাজু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০০৭–০৮ শিক্ষাবর্ষে দর্শন বিভাগে ভর্তি হন তিনি। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ৩৫তম বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত কবিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে স্বপ্নবাহক গ্রন্থের মোড়ক উন্মোচন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে ছাই দুই বসতবাড়ি