দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে তিনজন এবং হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৪৮৯ জনের শরীরে ভাইরাসজনিত ছোঁয়াচে এই রোগ শনাক্ত হয়েছে। সারা দেশে গেল ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে ৬১ শিশুর মৃত্যুর তথ্য গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর দিয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে ২৯১ জন মারা গেছে। খবর বিডিনিউজের।
বুলেটিনে বলা হয়েছে, এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৩৫ জন ঢাকা বিভাগে মারা গেছে। আর ৭৮ জন রাজশাহী বিভাগের। এর পরেই রয়েছে চট্টগ্রাম বিভাগ, সেখানে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৫ জন। খুলনায় ১৮ জন ও বরিশালে ১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় ৯৪৬ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ৭৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৫৩ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ১ জন ভর্তি হয়েছে রংপুরে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬৫৬। এদের মধ্যে ৬ হাজার ৯৭৯ জনের হাম শনাক্ত হয়েছে।












