মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকায় আবারও চুরির চেষ্টা চালিয়েছে সংঘবদ্ধ একটি চোরচক্র। ভোরের দিকে পরিকল্পিতভাবে প্রকল্প এলাকায় প্রবেশ করে তারা বিপুল পরিমাণ লোহাজাতীয় স্ক্র্যাপ লুণ্ঠনের চেষ্টা করলেও টহলরত আনসার সদস্যদের দ্রুত অভিযানে সেই চেষ্টা ব্যর্থ হয়। গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ৬টার দিকে প্রকল্পের অভ্যন্তরের টাউনশিপ এলাকার বিপরীতে কোহেলিয়া নদীর তীরে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৮ থেকে ১০ জনের একটি চক্র আগে থেকেই নৌকা প্রস্তুত রেখে নদীপথ ব্যবহার করে স্ক্র্যাপ সরিয়ে নেওয়ার পরিকল্পনা করে। তারা প্রকল্প এলাকার ভেতর থেকে বিভিন্ন মূল্যবান লোহাজাতীয় স্ক্র্যাপ সংগ্রহ করে নৌকায় তোলার সময় বিষয়টি টহলরত আনসার সদস্যদের স্ট্রাইকিং টিমের নজরে আসে। ঘটনার সময় এপিসি মো. শামীম উদ্দীন, আনসার সদস্য মো. আলতাফ হোসেন ও মো. আব্দুল মান্নান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চোরচক্রকে ধাওয়া করেন। আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরেরা নৌকায় তোলা মালামাল ফেলে রেখে দ্রুত নদীপথে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে আনুমানিক ৯০০ থেকে ১ হাজার কেজি লোহাজাতীয় স্ক্র্যাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্ক্যাপের জব্দ তালিকা তৈরি করে তাৎক্ষণিকভাবে প্রকল্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা হওয়ায় এর নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঘটনার পর টহল জোরদার করা হয়েছে এবং নদীপথে নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের এলাকা ও নদীপথে অনুসন্ধান চালানো হচ্ছে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।











