মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার দুই এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে মাতারবাড়ী নতুন বাজারের পুরাতন সিএনজি স্টেশনের পূর্ব পাশে অবস্থিত ‘বউয়ের জ্বালা’ হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল এলাকার নাছির উদ্দিনের ছেলে আলফাজ (২৬) এবং একই এলাকার আমির আলীর ছেলে মো. শাহেদ (২১)।
মহেশখালী থানার ওসি আব্দুস সুলতান জানান, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার গোপন সংবাদের ভিত্তিতে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাহেরুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ‘বউয়ের জ্বালা’ হোটেল থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্থানীয়ভাবে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।










