চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দুইটি স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি করে শ্যালো মেশিন ধ্বংস ও জব্দ করা হয়েছে। আরও ধ্বংস করা হয়েছে বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বানিয়ারকুম ও মুহুরীপাড়া এলাকায় পৃথক এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের বিষয়ে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম বলেন, মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য ক্ষতিকর। এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।












