মহেশখালীতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, কর্মসংস্থানসহ ৪ দাবি

মহেশখালী প্রতিনিধি | রবিবার , ৯ আগস্ট, ২০২৬ at ৬:৩০ পূর্বাহ্ণ

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে উৎসাহউদ্দীপনা দেখা দিয়েছে। সরকারি পরিদর্শনের এ সফরে দলীয় কোনো আয়োজন না থাকলেও একদিন আগে থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পাশাপাশি এলাকার দীর্ঘদিনের চার দফা দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরছেন স্থানীয় জনতা ও বিএনপির নেতৃবৃন্দ।

স্থানীয় সংসদ সদস্য আলমগীর মো. মাহফুজুল্লাহ ফরিদ ও বিএনপির নেতাকর্মীরা গতকাল বিকালে কয়লা বিদ্যুৎ প্রকল্পের অভ্যন্তরে পরিদর্শন শেষে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে স্বাগত মিছিল করেন। এ সময় এমপি বলেন, মাতারবাড়ী বর্তমানে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে পরিণত হচ্ছে। বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দরের মতো মেগা প্রকল্প বাস্তবায়নের ফলে এ অঞ্চলের বৈশ্বিক গুরুত্ব বহুগুণ বেড়েছে। তবে এসব জাতীয় প্রকল্পের সুফল যাতে স্থানীয় মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখে, তা নিশ্চিত করা জরুরি। মাতারবাড়ী ও মহেশখালীর বাসিন্দাদের পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ৪টি দাবি পেশ করেন। এসব দাবির মধ্যে রয়েছে, মাতারবাড়ী ও মহেশখালীতে সার্বক্ষণিক ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা, বিদ্যুৎকেন্দ্র, সমুদ্রবন্দরসহ বাস্তবায়নাধীন ও ভবিষ্যৎ প্রকল্পগুলোতে মেধা ও যোগ্যতা অনুযায়ী স্থানীয় অধিবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করা। ঘূর্ণিঝড়, সামুদ্রিক জলোচ্ছ্বাস এবং বর্ষাকালীন জলাবদ্ধতা থেকে জনপদ ও আবাদি জমি রক্ষায় মজবুত ও সুপরিকল্পিত সুপারডাইক বেড়িবাঁধ নির্মাণ করা এবং প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা।

মহেশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বলেন, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প, গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন মেগা প্রকল্পে জমিদাতাদের ন্যায্য ক্ষতিপূরণ, এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান, কর্মহারাদের পুনর্বাসন, লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত