মজুত বাড়াতে ৫৮.৬ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র চুক্তি যুক্তরাষ্ট্রের

অস্ত্রভাণ্ডারে টান

| শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১১:২৩ পূর্বাহ্ণ

ইউক্রেন ও ইরানে চলমান সংঘাতের কারণে অস্ত্র ভাণ্ডারে টান পড়ায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে লকহিড মার্টিন কোম্পানির সঙ্গে ৫৮ দশমিক ৬ বিলিয়ন ডলার মূল্যমানের একটি চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। খবর বিডিনিউজের।

বুধবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগনের দেওয়া বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এতথ্য জানিয়েছে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, গত এপ্রিলে লকহিডের সঙ্গে হওয়া ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের এক বছর মেয়াদী একটি চুক্তিকে এই নতুন চুক্তির মাধ্যমে রূপান্তর করা হয়েছে। এর মাধ্যমে ২০২৬ থেকে ২০৩২ অর্থবছর পর্যন্ত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সংগ্রহের বহুবছর মেয়াদী একটি পরিকল্পনা তৈরি হল। ইউক্রেন ও পশ্চিম এশিয়ার মিত্রদের বিপুল পরিমাণ সামরিক সহায়তা দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র নিজেদের ইরান অভিযানে ব্যাপকভাবে অস্ত্র ব্যবহার করায় গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ও সুনির্দিষ্ট লক্ষ্যে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়া নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে পেন্টাগন।

দ্রুত গতিতে অস্ত্র উৎপাদন বাড়াতে পেন্টাগনের মধ্যস্থতাকারীরা ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে তাগাদা দিয়ে যাচ্ছেন। ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর চেষ্টায় চলতি বছরের শুরুতে বেশ কয়েকটি খসড়া চুক্তিও সই হয়। একই সঙ্গে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার চেয়ে অস্ত্র উৎপাদনকে অগ্রাধিকার দিতে প্রতিরক্ষা ঠিকাদারদের ওপর ক্রমাগত চাপ বাড়িয়ে চলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরকারি চুক্তির কাজ ঠিকমতো না করে শেয়ারহোল্ডারদের মুনাফা দেওয়া প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করতে গত জানুয়ারিতে একটি নির্বাহী আদেশেও স্বাক্ষর করেন তিনি। নতুন চুক্তিগুলোকে স্বাগত জানালেও সংশ্লিষ্ট খাতের নির্বাহীরা বলছেন, যন্ত্রাংশ ও উৎপাদন সক্ষমতা বাড়াতে বড় ধরনের বিনিয়োগের আগে মার্কিন কংগ্রেসের কাছ থেকে প্রয়োজনীয় তহবিল অনুমোদন হতে হবে। তবে পেন্টাগনের এই ধরনের অনেক সামরিক চুক্তির চূড়ান্ত শর্ত ও সরবরাহের সময়সীমা এখনও আলোচনার টেবিলে রয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধইউরোপের দাবানলে নতুন আতঙ্ক ফায়ার ক্লাউড
পরবর্তী নিবন্ধডা. সন্তোষ কুমার বড়ুয়া