মইজ্জ্যারটেকে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬

| শুক্রবার , ৬ নভেম্বর, ২০২৬ at ৬:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকার ‘হোটেল রাফা’ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হোটেলটিতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কর্ণফুলী উপজেলার বড়উঠান এলাকার আরাফাত (২৫), পটিয়ার কেলিশহর এলাকার মো. সাকিব (৩০), চন্দনাইশের বেলতলী এলাকার মাহবুব (৩৫), বাঁশখালীর পুকুরিয়া এলাকার ইয়াসমিন (৩০), চন্দনাইশের বেলতলী এলাকার শিউলী (২৬) এবং পটিয়া পৌরসভার ইয়াসমিন (৩০)।

পুলিশ জানায়, অভিযানের সময় মোট সাতজনকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টতা না পাওয়ায় একজনকে ছেড়ে দেওয়া হয়। বাকি ছয়জনের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ৭৬ ধারায় মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের পাশাপাশি হোটেল কর্তৃপক্ষের ভূমিকাও তদন্ত করা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার নাফিস ইনসান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় হোটেল কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।

এদিকে, এর আগে হোটেলটির উদ্বোধনী ব্যানার কর্ণফুলী উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান কর্ণফুলী এ জে চৌধুরী ডিগ্রি কলেজের মূল ফটকে টাঙানো হলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়। শিক্ষার্থী ও স্থানীয়দের প্রতিক্রিয়ার মুখে পরে ব্যানারটি সরিয়ে নেওয়া হয়।

এলাকাবাসীর অভিযোগ, মইজ্জ্যারটেকের মতো গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় আবাসিক হোটেলের আড়ালে এ ধরনের কর্মকাণ্ড উদ্বেগজনক। তাঁরা হোটেলটি স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে পুলিশের অভিযানে পাঁচ আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসদরঘাটে রাতভর পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৬