ভ্যাট মেলায় দুই দিনে ৩৬ কোটি টাকা রাজস্ব আদায়

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ মার্চ, ২০২১ at ৫:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অধীনে ৮ বিভাগে তৃতীয়বারের মতো আয়োজিত দুইদিনের ভ্যাট মেলায় প্রায় ৩৬ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। ভ্যাট কর্মকর্তারা বলছেন, অনলাইনে ভ্যাট, রিটার্ন দাখিল ও ইএফডিকে জনপ্রিয় করতেই মেলার আয়োজন করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার শেষ হওয়া মেলায় মোট রিটার্ন দাখিল হয়েছে ৩ হাজার ৫৮৫ এবং নতুন নিবন্ধন জমা পড়ে ২৩৫টি। এদিকে ৮ বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ৯৮০টি রিটার্ন দাখিল হয়েছে আগ্রাবাদ বিভাগে। এরপর চট্টলা বিভাগে ৭৫৪টি, কক্সবাজার বিভাগে ৬৩১টি, চান্দগাঁওতে ৩৬৯টি, খাগড়াছড়িতে ৩৬১টি, রাঙামাটিতে ২৮০টি, পটিয়ায় ১৬৫টি ও বান্দরবানে ৪৫টি। সব মিলে নতুন নিবন্ধনের আবেদন পড়েছে ২৩৪টি। জানতে চাইলে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আগ্রাবাদ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. শাহীনূর কবীর পাভেল জানান, গত দুইবারের মতো এবারও মেলায় বেশ ভালো সাড়া পাওয়া গেছে। মেলার পাশাপাশি আগামীকাল (আজ) থেকে আগামী ১৪ মার্চ নগরীর বড় বড় শপিং মল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেটে ভ্যাট বুথ স্থাপনের মাধ্যমে সরাসরি সেবা প্রদান করা হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত ১১-১২ জানুয়ারি প্রথমবারের মতো চট্টগ্রামে ভ্যাট মেলার আয়োজন করা হয়। মেলায় ২ হাজার ৩৭৪টি রিটার্ন জমা পড়ে, নতুন নিবন্ধন নেন ২৮৪টি প্রতিষ্ঠান এবং রাজস্ব আদায় হয়েছে প্রায় ১৯ কোটি টাকা। পরবর্তীতে ১০-১১ ফেব্রুয়ারি ২য় বারের মতো আয়োজিত ভ্যাট মেলায় রিটার্ন জমা পড়ে ৩ হাজার ২৪৩টি, নতুন নিবন্ধনের আবেদন পড়ে ৩৪২টি এবং রাজস্ব আদায় হয় প্রায় ৩২ কোটি টাকা।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় শিশু শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ