ভারতে তৈরি ১৫০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার

নগরে অভিযান, দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার আনা হয়েছিল পার্বত্য চট্টগ্রাম থেকে

আজাদী প্রতিবেদন | রবিবার , ১০ মে, ২০২৬ at ৭:৩০ পূর্বাহ্ণ

নগরীর ওয়াসা মোড় ও দামপাড়া এলাকা থেকে ভারতে তৈরি ১৫০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, তারা অস্ত্র ব্যবসায়ী। নানা অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উৎস থেকে গুলিগুলো সংগ্রহ করে নগরীতে নিয়ে এসেছিলেন তারা। গত শুক্রবার পৃথক দুটি অভিযান চালিয়ে গুলিসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই যুবক হলেন মো. ফয়সাল আহমেদ রনি ও আমিনুল ইসলাম বাপ্পী।

নগর গোয়েন্দা পুলিশ থেকে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে নগরীর খুলশী থানাধীন ওয়াসা মোড়ের সেটি অ্যান্ড ট্রিট ফাস্টফুড দোকানে অভিযান চালিয়ে ফয়সাল আহমেদ রনিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩৯ রাউন্ড বিদেশি পিস্তলের গুলি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী চকবাজার থানাধীন দামপাড়া এলাকায় অপর অভিযান চালিয়ে আমিনুল ইসলাম বাপ্পীকে গ্রেপ্তার করা হয়। বাপ্পীর কাছ থেকে একই রকম ১১ রাউন্ড বিদেশি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গুলির গায়ে ‘মেড ইন ভারত’ লেখা রয়েছে জানিয়ে নগর গোয়েন্দা পুলিশের (উত্তর বিভাগ) উপকমিশনার মো. হাবিবুর রহমান দৈনিক আজাদীকে বলেন, জব্দকৃত গুলির উৎস ও গন্তব্যস্থল সম্পর্কে গ্রেপ্তারকৃত দুই যুবক জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উৎস থেকে গুলিগুলো সংগ্রহ করে চট্টগ্রাম মহানগর এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রেখেছে। তারা দুজনই অস্ত্র ব্যবসায়ী। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগাজীপুরে এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
পরবর্তী নিবন্ধপাহাড় ও সমুদ্র দেখে ফেরা হলো না দুই বন্ধুর