বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চাঁন্দারপাড়ার মো. হোসেন (২৪), পোপাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইমন (১৯) এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুস সোবহান ওরফে ফোরকান (৫৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তার হোসেন বোয়ালখালী পৌর যুবলীগের নেতা, ইমন পোপাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং আব্দুস সোবহান বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে পরিচিত। বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।












