বন্দুকধারী ডাকাতদের মাঝে অভিনেত্রী তাসনিয়া ফারিণ, ডাকাতদের সঙ্গে তার সম্পর্ক কী? এই রহস্যের শেষ কোথায়? এমনই এক গল্পে ডার্ক কমেডি ঘরানারা ওয়েব সিরিজ নির্মাণ করছেন ইমরাউল রাফাত। সিরিজের নাম ‘ডাকাতিয়া বাঁশি’। ফারিণের সঙ্গে অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, পার্থ শেখ, ইশতিয়াক আহমেদ রুমেল।
ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে সিরিজটি। মঙ্গলবার প্লাটফর্মটির ফেইসবুক পেইজে সিরিজটির বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গেছে, বিয়ের সাজে অভিনেত্রী তাসনিয়া ফারিণের হাতে পিস্তল, আর তাকে ঘিরে বন্দুক হাতে দাঁড়িয়ে আছেন তিন অভিনেতা। বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, সিরিজটির শুটিং চলছে, শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা করা হবে। খবর বিডিনিউজের।
সিরিজে ক্যামেলিয়া চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। সিনেমার কাজে ব্যস্ত থাকায় মাঝখানে সিরিজে দেখা যায়নি তাকে। নতুন এই কাজ নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী। ফারিণ বলেন, আমার চরিত্রের নাম ক্যামেলিয়া। নামের মত চরিত্রটাও একটু আনকমন। সিরিজটা যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও অনেক ডার্ক এলিমেন্ট আছে।
সিরিজে পার্থ শেখের চরিত্রেও রয়েছে ভিন্নতা। চরিত্রটির মনস্তত্ত্ব ও নানা দিক নিয়ে কাজ করার অভিজ্ঞতা তার জন্য নতুন বলে জানিয়েছেন এই অভিনেতা।
তিনি বলেন, চরিত্রের এমন কিছু লেয়ারস আছে যা আগে কখনো ডিল করি নাই।
প্রতিদিন স্ক্রিপ্ট পড়ে পড়ে দেখছি যে অভিনয়ের কোন জায়গাটায় কী করা যায়। গল্পে পারিবারিক আবহের উপস্থিতিও ভালো লাগার জায়গা বলে জানিয়েছেন অভিনেতা আরফান মৃধা শিবলু। ‘ডাকাতিয়া বাঁশি’তে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেল।











