বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম ধাপ হিসেবে বিসিবির গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী সব ক্যাটাগরি থেকে কাউন্সিলর মনোনয়নের আহ্বান জানানো হয়েছে। তিনটি ক্যাটাগরি থেকে মোট ১৯২ জন কাউন্সিলরের নাম আহ্বান করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১৬ মের মধ্যে এই ১৯২ জন কাউন্সিলরের নাম জমা দিতে হবে। বিসিবির গঠনতন্ত্রে নির্বাচন হয়ে থাকে তিন ক্যাটাগরিতে। নির্বাচনের আগে গঠনতন্ত্রের ১২.৭ ধারা অনুযায়ী কাউন্সিলরশিপ চেয়ে চিঠি পাঠানো হয়। এর ধারাবাহিকতাতেই বিসিবি ১৯২ কাউন্সিলর চেয়ে তিন ক্যাটাগরির সংশ্লিষ্টদের চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ক্যাটাগরি–১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা) থেকে কাউন্সিলর হবেন ৭১ জন। সেখান থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হয়ে থাকেন। এই ১০ জনও আবার ৭টি বিভাগ থেকে নির্বাচিত হয়ে আসেন। যেখানে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা থেকে ২ জন করে এবং রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগ থেকে ১ জন করে পরিচালক নির্বাচিত হয়ে আসেন। স্ব–স্ব বিভাগের কাউন্সিলররাই তাদের বিভাগের পরিচালক নির্বাচিত করে থাকেন। যেখানে ঢাকা বিভাগ থেকে ১৮ জন কাউন্সিলর নির্বাচিত করবেন ২ জন পরিচালককে। একইভাবে চট্টগ্রাম বিভাগ থেকে ১২ জন কাউন্সিলর ২ জন পরিচালক, খুলনা বিভাগ থেকে ১১ জন কাউন্সিলর ২ জন পরিচালক, রাজশাহী বিভাগ থেকে ৯ জন কাউন্সিলর ১ জন পরিচালক, সিলেট বিভাগ থেকে ৫ জন কাউন্সিলর ১ জন পরিচালক, বরিশাল বিভাগ থেকে ৭ জন কাউন্সিলর ১ জন পরিচালক এবং রংপুর বিভাগ থেকে ৯ জন কাউন্সিলর ১ জন পরিচালক নির্বাচিত করবেন। বিসিবির নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যাটাগরি–২ (প্রিমিয়ার ডিভিশন ক্লাব, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগ)। এখান থেকে কাউন্সিলর হবেন ৭৬ জন। প্রতিটি ক্লাব থেকে ১ জন করে কাউন্সিলর হয়ে আসেন। প্রিমিয়ার বিভাগে ১২ জন, প্রথম বিভাগে ২০ জন, দ্বিতীয় বিভাগে ২৪ জন ও তৃতীয় বিভাগে ২০ জন কাউন্সিলর। তারাই ১২ জন পরিচালক নির্বাচিত করেন। আর ক্যাটাগরি–৩–এ আছেন সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থা। এখান থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন। এর বাইরে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত দুইজন পরিচালক নির্বাচিত হবেন। সবমিলিয়ে এখানে কাউন্সিলর সংখ্যা ৪৫ জন।













