নগরীর বন্দরটিলা নয়ারহাট বিদ্যুৎ অফিস সংলগ্ন চৌ–রাস্তার মোড় এলাকায় বাসার সামনে খেলতে গিয়ে কারের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইমাম হোসেন (৫) চট্টগ্রাম সিটি কর্পোরেশনে পরিচ্ছন্ন বিভাগে কর্মরত সাইদুর রহমান ও রিমা বেগমের ছোট ছেলে।
জানা গেছে, প্রতিবেশী ও ভাইবোনের সাথে খেলার সময় ওই কারটি শিশুটির গায়ের উপর তুলে দেন চালক। এতে গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারায় শিশু ইমাম হোসেন। তাদের গ্রামের বাড়ি ময়মনসিহং জেলায় হলেও নয়ারহাট বিদ্যুৎ অফিস সংলগ্ন চৌ–রাস্তার মোড়ে ভাড়া বাসায় থাকেন।
জানতে চাইলে ইপিজেড থানার উপ–পরিদর্শক (এসআই) মো. আরিফ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। শিশুটির সুরতহাল করা হয়েছে। এখনো পর্যন্ত এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।












